২০২১ সালে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পয়াডের আয়োজক বাংলাদেশ

২৮ অক্টোবর, ২০২০ ১৬:৫১  
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আন্তর্জাতিক ব্লকচেইনের স্বগতিক দেশ হচ্ছে বাংলাদেশ। বুধবার আইসিটি টাওয়ারের সম্মেলন কক্ষে ব্লকচেইন অলিম্পিয়াড ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মধ্যে অনুষ্ঠিত সমঝোতা চুক্তি অনুষ্ঠানে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়ে এই ঘোষণা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, এলআইসিটি প্রকল্প পরিচালক রেজাউল করিম, কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, পরিচালক এনামুল হক, ব্লকচেইন অলিম্পিয়াডের সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম, অধ্যাপক মোহাম্মাদ কায়কোবাদ, অধ্যাপক জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ও সংযুক্ত ছিলেন। ২০২১ সালে ঢাকায় আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজক হিসেবে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ) এনামুল কবির ও ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ (বিসিওএলবিডি) এর সমন্বয়ক হাবিবুল্লাহ এন করিম। এ বছর হংকং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় যে ১২টি দল অংশগ্রহণ করে তারমধ্যে ৬টি মূল পুরস্কারের মধ্যে বাংলাদেশের ডিউই নিমবাস আইবিসিওএল বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড ও ডিজিটাল ইনাভেশন পায় আইবিসিওএল ২০২০ সিলভার মেডাল এবং ১২টি দলকেই অ্যাওয়ার্ড অব মেরিট প্রদান করা হয়। অনষ্ঠানে ১২টি দল ছাড়াও হংকং আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতা- ২০২০ এর আয়োজক, বিচারক ও মেন্টরদেরকে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রথম বারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পদক জয়ীদের অভিনন্দন জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, “আমরা প্রথম এবং শ্রেষ্ঠ। আমাদের তরুণরা সেটাই প্রমাণ করেছে। কারণ, আমরা এশিয়া, ইউরোপ, আমেরিকার মতো অংশ নিলেও বাংলাদেশের প্রতিযোগিরা প্রথম বারের মতো অংশ নিয়েই বিজয় অর্জন করেছে। এতে পুরো জাতি গর্বিত।”